বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদকঃ আজ বুধবার মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝর ‘আর্ণব’ ছিল শেষ সেশনে খেলা চালানোর বড় বাঁধা। পর্যাপ্ত আলো না থাকায় নির্ধারিত ৯০ ওভারের মধ্যে খেলা হয়নি শেষ ১৬ ওভার! সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয়েছে সাদমান ইসলামকে। তাঁর সাথে ১০ রানে অপরাজিত আছেন লিটন দাস।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুর দিকে দলীয় ৭ রানে জেইডেন সিলসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে দলের হাল ধরেন সাদমান। দুজনের ব্যাটে আসে ৫৯ রান। তবে প্রথম সেশনের শেষ দিকে ২৮ রান করে বিদায় নেন মুমিনুল। তার বিদায়ের পর শান্তকে নিয়ে ইনিংস এগিয়ে নেন সাদমান। তৃতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৪২ রান। ১৯ রান করে শান্ত ফিরে গেলে আবারও উইকেট হারায় বাংলাদেশ।
এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে দেড়শ রানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের ইনিংসকে আরও শক্ত অবস্থানে নিয়ে যান সাদমান। ধীরস্থির ব্যাটিংয়ে তুলে নেন নিজের অর্ধশতক, এরপর এগিয়ে যান সেঞ্চুরির পথে। তবে দিনের শেষ দিকে হৃদয়ের চোট বাংলাদেশের স্বস্তিতে কিছুটা বিঘ্ন ঘটায়। ব্যাটিংয়ের সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে হৃদয়কে। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরে আসার পরও স্বস্তি মেলেনি তার। জশুয়া বিশপের করা ৬৬তম ওভারের পঞ্চম বলে এক রান নেওয়ার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি এই ব্যাটার। বা পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় হৃদয়কে।